বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক হোসনে আরা বেগম এ দিন ধার্য করেন। গতকাল খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ৫ অক্টোবর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।