অভয়নগরে পিঠা মেলা শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভিক্টর মল্লিক (১৮)। খেজুরের রস, গুড়, পিঠা নিয়ে কোনো মেলা হতে পারে, কখনো ভাবেননি। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এ রকম একটি মেলার আয়োজন দেখে ছুটে এসেছেন তিনি। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত মেলার শেষ দিনে গতকাল শুক্রবার কথা প্রসঙ্গে ভিক্টর জানান, গ্রামবাংলার ঐতিহ্য বর্তমান প্রজম্মের কাছে তুলে ধরতে এ আয়োজন এক ব্যতিক্রমধর্মী আমেজ এনে দিয়েছে। উপজেলার শুভরাঢ়া গ্রাম থেকে মেলায় এসেছেন গাছি সুলতান খাঁ (৬৯)। ১৮ বছর বয়স থেকে তিনি খেজুরগাছ কাটছেন। এ ধরনের মেলায় প্রথম আসতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘জীবনে কোনো দিন ভাবিনি গাছিগে এত মুলায়েম (মূল্যায়ন) করা হবে।’ মেলার প্রধান সমন্বয়ক শেখ কবিরুল হাসান বলেন, ‘মেলায় অভাবনীয় সাড়ায় আমরা অভিভূত।’