অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় ইমাম হোসেন নামের এক সন্ত্রাসীকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ৪ জুলাই নগরের ডবলমুরিং থানার একটি কলোনিতে অভিযান চালিয়ে ইমাম হোসেনের কাছ থেকে একটি একনলা ও একটি দোনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। কয়েক বছর আগে জামিনে গিয়ে আসামি পলাতক রয়েছেন।