
অ্যালকোহলের বাণিজ্যিক কার্যক্রমের লাইসেন্স দেওয়ার আগে লাইসেন্সিং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অ্যালকোহলের স্থানীয় চাহিদা নিরূপণ করবে এবং কোনো এলাকায় অন্যূন ১০০ জন দেশি মদ বা বিলেতি মদের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে, এমন উপবিধিসহ অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালার পাঁচটি উপবিধি প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।
ওই বিধিমালার কয়েকটি উপবিধির বৈধতা নিয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৮ ধারার ক্ষমতাবলে গত ১৮ জানুয়ারি ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা–২০২২’ জারি করা হয়।
ওই বিধিমালার ৭(২), ৭(৪), ৯(৩), ১৫(২)(ক) ও ১৫(২)(চ) উপবিধির বৈধতা নিয়ে গত ২০ এপ্রিল আইনজীবী মার-ই–য়াম খন্দকার ও মো. মনোয়ার হোসাইন ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল কালাম খান।
পরে আইনজীবী মার–ই–য়াম খন্দকার প্রথম আলোকে বলেন, সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের পুষ্টির স্তর-উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য করবে এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধ করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ওই পাঁচ উপবিধি সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১১(১) ধারার পরিপন্থী বলে রিটটি করা হয়।
বিধিমালার ৭(২), ৭(৪), ৯(৩), ১৫(২)(ক) ও ১৫(২)(চ) উপবিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে জানান আইনজীবী মার–ই–য়াম খন্দকার। তিনি বলেন, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিধিমালার ৭ বিধিতে লাইসেন্সের ক্ষেত্রে অনুসরণীয় বিধানগুলোর উল্লেখ রয়েছে। অ্যালকোহলের বাণিজ্যিক কার্যক্রমের লাইসেন্স দেওয়ার আগে লাইসেন্সিং কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অ্যালকোহলের স্থানীয় চাহিদা নিরূপণ করবেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে পারবেন বলে ৭(২) উপবিধিতে উল্লেখ রয়েছে।
কোনো এলাকায় অন্যূন ১০০ জন দেশি মদ বা বিলেতি মদের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে বলে ৭(৪) উপবিধিতে বলা হয়েছে।
পারমিটের শর্তাবলিসংক্রান্ত ৯(৩) উপবিধিতে বলা হয়েছে, ২১ বছরের নিচের কোনো ব্যক্তিকে মদ্যপানের জন্য পারমিট প্রদান করা যাবে না। ১৫(২)(ক) উপবিধি অনুসারে দুই তারকা মানসম্পন্ন হোটেলের ক্ষেত্রে অনধিক একটি বার লাইসেন্স প্রদান করা যাবে। আর ১৫(২)(চ) অনুসারে রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি বার লাইসেন্স প্রদান করা যাবে।