আদালতের আদেশ বিকৃতভাবে উপস্থাপন করায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জরিমানা করেন।
ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই আইনজীবী ১৬ অক্টোবর রিট করেন। শুনানি নিয়ে ২০ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। তবে এ আদেশ গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করায় ২১ অক্টোবর ইউনুছ আলী আকন্দকে তলব করেন আদালত। ধার্য তারিখের পর গতকাল ইউনুছ আলী আকন্দ আদালতে হাজির হন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, রিটে চাওয়া রুল ও নির্দেশনা পরিবর্তন (রিকাস্ট) করে আদালত আদেশ দিলেও আবেদনকারী আইনজীবী তা ভুল ও বিকৃত করে গণমাধ্যমে উপস্থাপন করেন। বিষয়টি নজরে এলে আদালত ওই আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
প্রকৃতভাবে ২০ অক্টোবর আদালত আফ্রিকা মহাদেশের ইবোলা-আক্রান্ত দেশ থেকে যেসব বিমানযাত্রী যাত্রা শুরু করেন বা এসব দেশে যাত্রাবিরতি করেন, তাঁদের ক্ষেত্রে ইবোলা ভাইরাস শনাক্তকরণের জন্য (সেনাবাহিনীর সাহায্য নিয়ে) দেশের সব বিমান, সমুদ্র ও স্থলবন্দর এবং সীমান্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কিন্তু ইউনুছ আলী আকন্দ ওই দিন গণমাধ্যমে উপস্থাপন করেন ইবোলা ভাইরাস-আক্রান্ত দেশসহ জাতিসংঘকে প্রয়োজনীয় মানবিক সহায়তাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।