আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশ সবার অধিকার: মার্কিন দূতাবাস

শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি হলো আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা। এসব উপাদান সবার অধিকার। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলা হয়।

মার্কিন দূতাবাসের বার্তায় সাধারণ জনগণ ও নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর ভূমিকার কথা উল্লেখ করা হয়। বলা হয়, নির্বাচনে ভোটদান, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, সাধারণ মানুষের স্বার্থে শান্তিপূর্ণ সমাবেশ—এসব বিষয় প্রতিনিয়ত সামনে আনে সাধারণ মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো। পাশাপাশি তারা গণতন্ত্রের মূল আদর্শগুলোকে সুরক্ষার স্বার্থে কাজ করে।

বার্তায় আরও বলা হয়, মানবাধিকারকর্মীদের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণা জনগণকে উচ্চকণ্ঠ হতে এবং বহুমতের নাগরিক সমাজ গড়ে তুলতে প্রেরণা জোগায়। ১৯৯৮ সালে সর্বসম্মতভাবে গৃহীত জাতিসংঘের ওই ঘোষণায় বলা হয়েছে, প্রত্যেকের ব্যক্তিগতভাবে এবং অন্যদের সঙ্গে সম্মিলিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মানবাধিকার ও মৌলিক নাগরিক অধিকার সুরক্ষার অধিকার রয়েছে। প্রতিহিংসার বিষয়ে কোনো রকম ভয়ভীতি ছাড়াই প্রতিটি দেশের নাগরিকদের মানবাধিকার সুরক্ষায় স্বাধীনতা থাকতে হবে।

দূতাবাসের বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি উদ্ধৃতিও তুলে ধরা হয়। বাইডেন বলেছেন, কোনো গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। কোনো গণতন্ত্রই চূড়ান্ত নয়। দৃঢ় প্রত্যয় ও অব্যাহত কাজের ফল হচ্ছে প্রতিটি বাধা পেরিয়ে প্রতিটি অর্জন।