
বেগম আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ রোববার। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে অন্যদের সঙ্গে আওয়ামী লীগের তখনকার মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানও ভয়াবহ গ্রেনেড হামলার শিকার হন। দীর্ঘ ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট মারা যান তিনি। আইভি রহমান প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী। ওই গ্রেনেড হামলায় মোট ২২ জন মারা যান।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবারের পক্ষ থেকে আজ বাদ আসর গুলশানের নিজস্ব বাসভবনে (আইভিস লিগ্যাসি, বাড়ি-২২, রোড ১০৮, গুলশান-২) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাংসদ নাজমুল হাসান।
এদিকে বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।