সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রামে অনেক দিন ধরে ফ্লাস খেলার নামে একধরনের জুয়া খেলা চলছে। মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পুলিশকে হাত করে এ জুয়ার আসর নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকার অনেকে জানান, জয়পুর গ্রামের বাসিন্দা রোকন মিয়ার বসতঘরে এক মাস ধরে এ জুয়ার আসর চলছে৷ সেখানে রাত ১০টা থেকে এ আসর শুরু হয়ে চলে ভোর পর্যন্ত। এ আসরে স্থানীয় জুয়াড়িদের পাশাপাশি কলমাকান্দা, মোহনগঞ্জ ও তাহিরপুর উপজেলা থেকে জুয়াড়িরা এসে অংশ নেন। খোকন ও কাঞ্চন নামে তাঁর দুই ছেলেকে িদয়ে এই জুয়ার আসর পরিচালনা করছেন আকরাম৷
আকরাম হোসেন বলেন, ‘এটি আমার এলাকা৷ আমি জুয়া ও মাদকের ঘোরবিরোধী৷ রাজনৈতিক প্রতিপক্ষরা প্রতিহিংসাবশত আমি ও আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের বদনাম রটাচ্ছে।’
ওই বসতঘরের মালিক রোকন মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর বাড়িতে জুয়ার আসর বসে না৷ তবে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মধ্যনগর থানার পুলিশকে হাত করেই আকরাম এ জুয়ার আসর চালাচ্ছেন। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ এ নিয়ে প্রতিবাদ করলে উল্টো ভয়ভীতি দেখানো হয়।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমদ জানান, অবাধে জুয়ার আসর চলতে থাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ দ্রুত এটি বন্ধে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷
মধ্যনগর থানার ওসি মোল্লা মুনির হোসেন বলেন, ‘এতে থানার পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। ওই এলাকায় জুয়ার আসর বসে, এ অভিযোগ আমিও পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম হওয়ায় সেখানে পুলিশ পেঁৗছার আগেই জুয়ািড়রা সটকে পড়েন। তবে জুয়া ন্ধে আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’