আখাউড়া স্থলবন্দর সচল হচ্ছে আজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আট দিন পর আজ মঙ্গলবার সকাল থেকে সচল হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে আখাউড়ার ব্যবসায়ীদের চার দিনের ধর্মঘট কর্মসূচি পালন ও আগরতলার ব্যবসায়ীদের দুর্গাপূজা উদ্যাপনের কারণে গতকাল সোমবার পর্যন্ত চার দিন বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সোমবার সকাল থেকেই বন্দরে রপ্তানির পণ্যবোঝাই ট্রাক ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার (আজ) সকাল থেকে ত্রিপুরায় পণ্য রপ্তানি শুরু হবে।