আজ বৃহস্পতিবার পেশাজীবী চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন। বিএমএ নির্বাচন কমিশন সূত্র বলছে, ৩২ হাজার ৮৯২ জন চিকিৎসক এ নির্বাচনে ঢাকাসহ বিএমএর ৬৭টি শাখায় সভাপতি, মহাসচিব, একাধিক সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন করবেন। সবচেয়ে বেশি ভোট ঢাকায়, ১৩ হাজার ৩৩৮। মূলত দুটি পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একে অন্যের প্রতিদ্বন্দ্বী। স্বাচিপের পক্ষে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী যথাক্রমে মাহমুদ হাসান ও ইকবাল আর্সলান। ড্যাবের পক্ষে এ দুই পদের প্রার্থী যথাক্রমে এ কে এম আজিজুল হক এবং এ জেড এম জাহিদ হোসেন।