আজ ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিবস উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতালে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ সময় রোগীদের কাছ থেকে হাসপাতালের নির্ধারিত ফি নেওয়া হবে না। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত বছরও এ উপলক্ষে সব জেলা, উপজেলা এবং ইউনিয়ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও আজ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন।