ঝিনাইদহে কটূক্তি করার মাধ্যমে এক কলেজছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে মিঠুন সরকার নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মিঠুন ঝিনাইদহ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। ঘটনার পর তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌসুমী বিশ্বাসকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন মিঠুন। এ বিষয়ে মিঠুনের অভিভাবকদের কাছে অভিযোগ করা হয়। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কাজ হয়নি। একপর্যায়ে ৫ জুলাই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৌসুমী।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। ঘটনার পর থেকে মিঠুন সরকার পলাতক ছিলেন।