অবৈধ বিলবোর্ডগুলো অপসারণে অসহযোগিতা করার ঘটনায় গতকাল সোমবার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ ওই আদালত অবিলম্বে অপসারণ করতে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) নির্দেশ দেন। এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু পুলিশ এ ব্যাপারে সিটি করপোরেশনকে অসহযোগিতা করে।