কুড়িগ্রাম থেকে চিলমারী উপজেলার রমনা হয়ে ঢাকার সঙ্গে আন্তনগর ট্রেন চালু এবং সেই ট্রেনের নাম ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ করার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
মানববন্ধনে সুন্দরগঞ্জে দ্বিতীয় তিস্তা সেতুতে রেলপথ সংযোগের দাবিও জানানো হয়। পরে একই দাবিতে স্পিকারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
মানববন্ধনে চিলমারীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তব্য দেন রেল-নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির জেলা সমন্বয়ক মো. নাহিদ, রাজারহাট শাখার প্রতিনিধি খন্দকার আরিফ, চিলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল কুমার বর্মণ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ‘সাপ্তাহিক যুগের খবর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নুরুল আমীন প্রমুখ।