আমিরাতে তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

বাংলাদেশের তিন নাগরিকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। শারজায় গত ২২ জানুয়ারি এ তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি গতকাল বৃহস্পতিবার জানায়, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই তিনজন হলেন মোহাম্মদ নায়েব আলী, কামরুল ইসলাম ও আতিক আশরাফ হোসাইন।
ইউএনবি জানায়, মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করার ফলে অপরাধ ক্ষমা করা-সংক্রান্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বজনের সঙ্গে মধ্যস্থতা করার সুযোগ তৈরি হবে। অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করে দেওয়ার বিষয়ে আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের অব্যাহত ও জোর এই প্রচেষ্টাতেই দণ্ডাদেশ কার্যকর স্থগিত করা সম্ভব হয়।