বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বাংলাদেশে সদ্য নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ নাসের আল-দোহালমি গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে এ খবর জানিয়েছেন।
জবাবে রাষ্ট্রদূত বলেন, তাঁর দেশের জন্য বাংলাদেশ থেকে অধিক দক্ষ জনশক্তি নিতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।
আরও কুয়েতি বিনিয়োগ কামনা: কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতও গতকাল রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, কুয়েতি বিনিয়োগকারীরা জাহাজ নির্মাণ, বিদ্যুৎ, বস্ত্র ও পেট্রোকেমিক্যালসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন।