আরও ১০ মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহ করে আগাম জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
মাহ্ফুজ আনামের পৃথক ১০টি জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই জামিন মঞ্জুর করেন।
আদালতে মাহ্ফুজ আনামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী আব্বাস উদ্দিন ও মারগুব কবীর।
মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে যে ৮২টি মামলা হয়েছিল, গতকালের আদেশের পর এর সবগুলোতেই তিনি জামিন পেলেন। দেশের বিভিন্ন জেলায় করা এসব মামলার মধ্যে ৬৫টিতে মানহানি ও ১৭টিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনা হয়।
গত ৩ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতি প্রসঙ্গ উল্লেখ করে মাহ্ফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। এরপর থেকে সারা দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়।