চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাবোঝাই করিমন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে এর চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক। তাঁর বাড়ি উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামে।
আলমডাঙ্গা থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে ভুট্টাভর্তি করিমন চালিয়ে আবদুর রাজ্জাক গ্রাম থেকে মুন্সিগঞ্জ বাজারে যাচ্ছিলেন। মুন্সিগঞ্জ পশুহাটের কাছে পৌঁছালে অতিরিক্ত ভারের (ওভারলোড) কারণে করিমনটি ভেঙে উল্টে যায়। এতে মারাত্মক আহত হন তিনি। তাঁকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী আজ বুধবার প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।