
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে পালানোর সময় শুক্রবার রোহিঙ্গা সম্প্রদায়ের ৩৯ সদস্য আটক হয়েছেন। রামু উপজেলার একটি তল্লাশিচৌকিতে তাঁদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রশিদনগর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশিচৌকি বসানো হয়। ওই এলাকা দিয়ে আজ শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ১০ রোহিঙ্গা। এ সময় তাঁদের আটক করা হয়। পরে রামুর বাইপাস ফুটবল চত্বর থেকে ২১ জন এবং বিকেলে জোয়ারিয়ানালা এলাকা থেকে আরও ৮ জনকে আটক করা হয়। এই আটক অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসনের লোকজনের পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও স্কাউট দলের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা।
আটক হওয়া রোহিঙ্গাদের পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়। এ সময় প্রত্যেককে চার হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা। এর আগের কয়েক দিনে রামু উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে আটক করা হয় আরও ৩৭০ রোহিঙ্গাকে।
ইউএনও প্রণয় চাকমা বলেন, আটক হওয়া রোহিঙ্গাদের কাছ থেকে ১৬টি মুঠোফোন জব্দ করা হয়েছে। পরে পিকআপ ভ্যানযোগে ৩৯ রোহিঙ্গাকে উখিয়া রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে। কাজের সন্ধানে বিভিন্ন আশ্রয়শিবির ছেড়ে রোহিঙ্গারা লোকালয়ে বেরিয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, এভাবে বেরিয়ে আশা রোহিঙ্গাদের কিছু অংশ তল্লাশিচৌকিতে ধরা পড়ছে। আশ্রয়শিবিরে কড়াকড়ি ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়ানক হবে।