টক শোতে করা মন্তব্যের জন্য রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার হাইকোর্টে হাজিরা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ২৯ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। পাশাপাশি অ্যামিকাস কিউরি বা আদালতের সহায়তাকারী হিসেবে জ্যেষ্ঠ ১২ আইনজীবীর নাম ঘোষণা করা হয়েছে। এই আইনজীবীরা হলেন: এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, মওদুদ আহমদ, এম জহির, মইনুল হোসেন, এ এফ হাসান আরিফ, আখতার ইমাম, ফিদা এম কামাল, কামাল উল আলম, রফিকুল ইসলাম মিয়া, ইউসুফ হোসেন হুমায়ূন ও আবদুল মতিন খসরু।