পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় আহত শেফালি বেগম (৪৫) আট দিন পর গত মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বি-পাশা গ্রামের মো. আলাউদ্দিন হাওলাদারের স্ত্রী। ১৩ জানুয়ারি বাউফল-বগা সড়কের দক্ষিণ দ্বি-পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।