নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালবাহী দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কবির হোসেন (২০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ট্রাকের চালকসহ তিনজন। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ঢাকাগামী মেশিনারি পার্টস-ভর্তি ট্রাকের (চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৩৯৩) চাকা ফেটে যায়। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক (ব্রাহ্মণবাড়িয়া-ট-১১-০০১৫) প্রচণ্ড গতিতে এটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে গিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও মাধবদী ফায়ার সার্ভিসের কর্মীরা পানিতে ডুবে যাওয়া কুঁড়াভর্তি ট্রাক থেকে হেলপার কবির হোসেনের (২০) মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহতাবস্থায় উভয় ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।