নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জেলা আওয়ামী লীগের নেতা খন্দকার রুহুল আমিনের মাছের প্রকল্পের জমি দখল করে লোকজন ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্র ও শনিবার এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের হামলায় ওই প্রকল্পের ব্যবস্থাপক আবদুল হক ও কর্মচারী মো. সিরাজ আহত হন।আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন অভিযোগ করেন, তিনি চারদলীয় জোট সরকারের আমলে চরলক্ষ্মী ও চর বায়োজিদের আড়াই শ একর জমি জেলা প্রশাসন থেকে ইজারা নেন। ওই সময় তিনি সেখানে ঢাকা-নিউইয়র্ক এগ্রোফিশারিজ প্রজেক্ট নামে একটি প্রকল্পের আওতায় মাছ চাষ করেন। স্থানীয় নূর আলম, আবদুল বাতেন, খুরশিদ আলম, আহছান উল্লা ১৪-১৫ জন সন্ত্রাসী নিয়ে গত শুক্রবার রাত নয়টায় প্রকল্প এলাকায় ঢুকে পড়েন। এরপর তাঁরা শনিবার সকাল পর্যন্ত সেখানে ১৪-১৫টি ঘর তোলেন।রুহুল আমিন আরও জানান, তিনি তাত্ক্ষণিকভাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ও স্থানীয় চরজব্বার থানার পুলিশকে ঘটনাটি জানান। কিন্তু গতকাল রোববার বিকেল পর্যন্ত পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। চরজব্বার থানার এসআই আবু ইউছুফ জানান, তিনি কোনো অভিযোগ পাননি।