সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ নেতা আবদুর রহমানের মালিকানাধীন চারতলা ভবন ভাঙাকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে ক্ষতিপূরণসহ মামলার সব খরচ পরিশোধ ও জমি ফেরত দেওয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা জজ আদালত এ আদেশ দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহমান ১৯৯৬ সালে শহরের কাটাখালী খালের পাশে সুনীল কুমার ঘোষ ও তাঁর স্বজনদের কাছে দশমিক ৬৬৭ একর জমি কিনে নেন। ওই বছরেই তিনি পৌরসভার অনুমোদন নিয়ে সেখানে চারতলা ভবন নির্মাণ করেন। চারদলীয় জোট ক্ষমতায় আসার পর বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও সাংসদ আকবর আলী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তাঁরা প্রশাসনের সহায়তায় জমিটি খাস খতিয়ানভুক্ত উল্লেখ করে ২০০৫ সালের ১৬ মার্চ চারতলা ভবনটি ভেঙে দেন।