ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সিলেটে আরও একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে ইউনিপেটুইউর গ্রাহক মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাশের বাজারের বাসিন্দা তাজুল ইসলাম এ মামলা করেন। মামলায় ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেনসহ ঢাকার চারজন পরিচালক ও সিলেটের ছয়জন এজেন্টকে আসামি করা হয়েছে। সিলেটের এজেন্টরা হচ্ছেন, শহীদুল ইসলাম, আছাদুজ্জামান জুয়েল, আবু বক্কর সিদ্দিক, গোলাম সরওয়ার, নাবিল আহমদ ও দেলোয়ার হোসেন। বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন বলেন, আদালত গতকালই মামলাটি নথিভুক্ত করে আগামী ১ জানুয়ারির মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিতে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।