ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রোববার ইন্টারনেটে যুক্ত হওয়ার মূল মাধ্যম আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত বার্তাও পাঠানো হয়। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক সাবিনা ইসলামের পাঠানো ই-মেইলে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা দেওয়া হয়। ওই ই-মেইলে বলা হয়েছে, ১৬ মে রাত ১১টা থেকে এ নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। কিন্তু ই-মেইল ব্যবস্থাপনার ত্রুটির কারণে আইআইজি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এই নির্দেশনা পৌঁছায়নি। এ জন্য বিটিআরসি দুঃখ প্রকাশ করছে।গত বুধবার বিটিআরসি একটি ই-মেইলে আইআইজিগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গ্রাহকদের (আইএসপি) কেনা ব্যান্ডউইডথের ক্ষেত্রে আপলোড ব্যান্ডউইডথ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত সরবরাহ করার নির্দেশ দিয়েছিল।