বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের হয়ে বাসিয়া ব্রিজে এসে পুলিশি বাধার মুখে পড়ে। পরে মিছিলটি উপজেলা পরিষদ ও টিএনটি রোড এলাকা পরিদর্শন শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ-নূর-উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সুরমান খান প্রমুখ।বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া সভায় ১৭ নভেম্বর বিশ্বনাথে ছাত্রদলের মহাসমাবেশের ডাক দেওয়া হয়।