ইসরাইলের বিরুদ্ধে সোচ্চারের আহ্বান এরশাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার এক বিবৃতিতে ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ইসরাইলের ন্যক্কারজনক বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল বর্বরোচিত হামলা চালিয়ে যেভাবে নির্বিচারে নারী, শিশুসহ নিরীহ মানুষ মেরে চলছে; এ ধরনের ঘটনা মানব সভ্যতাকে কলঙ্কিত করে দিয়েছে। তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি জানান। একই সঙ্গে তিনি এ ঘটনার জন্য ফিলিস্তিনি জনগণের কাছে ক্ষমা চাইতে ইসরাইলের প্রতি আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ তাঁর বিবৃতিতে গাজায় এ ধরনের পৈশাচিক হামলার জন্য ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হতে বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্বের প্রতিও আহ্বান জানান।