রাশিয়া তার অত্যাধুনিক ইয়াকভলেভ ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমানের প্রথম চালান বাংলাদেশে পাঠিয়েছে। দেশটির কাছ থেকে কেনা মোট ১৬টির মধ্যে ছয়টি বিমান রয়েছে এই চালানে। এর মধ্যে প্রথম তিনটি বিমান গতকাল রোববারই পৌঁছে গেছে। খবর ইউএনবির।
রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান চতুর্থ-প্লাস ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে পাইলটদের।
রাশিয়া অত্যাধুনিক এই বিমান বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে গত ১৭ সেপ্টেম্বর। ওই দিন মোট কেনা ১৬টির মধ্যে ছয়টি বিমান বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথম চালানের ছয়টি ইয়াক-১৩০ বিমানের মধ্যে তিনটি গতকাল চট্টগ্রামে পৌঁছেছে। বাকি তিনটিও শিগগিরই পৌঁছে যাবে বলে বিমানবাহিনী সূত্রে জানা গেছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাইরে বাংলাদেশই দ্বিতীয় দেশ, যারা রাশিয়ার কাছ থেকে ইয়াক-১৩০ বিমান পাচ্ছে। সোভিয়েত দেশগুলোর বাইরে এর আগে কেবল আলজেরিয়া এ ধরনের ১৬টি বিমান রাশিয়ার কাছ থেকে কিনেছে।
বাংলাদেশ প্রথমে ২৪টি ইয়াক-১৩০ বিমান কিনতে চেয়েছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে পরে তা কমিয়ে ১৬টি কেনার সিদ্ধান্ত হয়।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ হয়েছে, তার আওতায় বিমানগুলো কেনা হয়।
রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশন এই অত্যাধুনিক যুদ্ধবিমান নির্মাণ করে থাকে। এই যুদ্ধবিমান মৌলিক ও যুদ্ধ প্রশিক্ষণের জন্য উপযোগী। পাশাপাশি একে আক্রমণের কাজেও ব্যবহার করা যায়।
ইয়াক-১৩০ যুদ্ধবিমান ১৯৯৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে একে রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচিত করা হয়।