কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাহান সিকদারকে পদ থেকে অব্যাহতি এবং সংগঠনে তাঁর প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শাহজাহান সিকদার দলীয় পরিচয়ে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত, অনৈতিক সুবিধা আদায়, দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন। এ ছাড়া গত বছর দলীয় কার্যালয় নির্মাণের নামে গম বরাদ্দ নিয়ে তা আত্মসাৎসহ কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পের মতো সরকারি বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নিতেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী জানান, শাহজাহানের কারণে সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছিল। এ জন্য তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি ও দলীয় পদ বাতিল করা হয়েছে।এ বিষয়ে জানতে শাহজাহান সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।