
কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড়ধসে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা শিবিরে এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পালংখালীর হাকিমপাড়ায় ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের এইচ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। পাহাড় ধসে মারা যাওয়া শিশু দুটি হলো আবদুস শুক্কুরের ছেলে মো. ইসমাইল (৫) ও ছদরুল আমিনের ছেলে মোহাম্মদ রায়হান (৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে পাহাড় ঘেঁষে খেলছিল রোহিঙ্গা শিশুরা। হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে চাপা পড়ে দুই শিশু। খবর পেয়ে উখিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীর একটি দল ঘটনাস্থলে এসে দুই শিশুকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় মাটির নিচ থেকে দুই রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।