সিলেট নগরের কাজিরবাজার এলাকায় সুরমা নদীর ওপর পঞ্চম সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। প্রায় ১৭৯ কোটি টাকা ব্যয়ে ৪০০ মিটার দীর্ঘ এ সেতুর কাজ শুরু হয় চারদলীয় জোট সরকারের আমলে। গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুটি পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। সেতু পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা ছিলেন।