মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের শতবর্ষী দম্পতি গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। তাঁরা হলেন ১১২ বছরের সুজাউদ্দিন মোল্লা ও ১০৫ বছরের মজিদা খাতুন।পারিবারিক সূত্রে জানা যায়, মজিদা খাতুন বার্ধক্যজনিত কারণে দুপুর একটার দিকে মারা যান। এ সময় পাশের ঘরেই ছিলেন তাঁর স্বামী সুজাউদ্দিন মোল্লা। স্ত্রীর মারা যাওয়ার খবর শুনে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।সুজাউদ্দিন মোল্লার বড় ছেলে একুবালী মুন্সী (৭৪) জানান, এক মিনিটের ব্যবধানে তাঁদের মা-বাবা দুজনই মারা গেছেন।স্থানীয় আবুল মুন্সী জানান, গ্রামের সবচেয়ে বয়োবৃদ্ধ সুজাউদ্দিন মোল্লাকে এই গ্রামের আদিপুরুষ বলা হতো। তাঁর স্ত্রীও শতবর্ষী ছিলেন।