মেলার উদ্বোধনমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত মঙ্গলবার তিন দিনব্যাপী ফলদ, বৃক্ষ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে মঙ্গলবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় মোট ১৩টি স্টল রয়েছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিপদযাত্রাযুদ্ধাপরাধীদের বিচারসহ তিন দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখা গতকাল বুধবার পদযাত্রা কর্মসূচি পালন করেছে। পার্টির কেন্দ্রীয় সভাপতি মনজুরুল আহসান খান এই পদযাত্রায় নেতৃত্ব দেন। এটি বেলা একটার দিকে শহরের রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি পুনঃ প্রতিষ্ঠা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানানো হয়। জামালপুর প্রতিনিধিমতবিনিময় সভা ‘বাংলাদেশের স্থানীয় সরকার ও ভারতের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতব্যবস্থার অভিজ্ঞতা’ শীর্ষক মতবিনিময় সভা গত মঙ্গলবার যশোর সার্কিট হাউসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূরুল আমিন। এতে বক্তব্য দেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়নবিষয়ক মন্ত্রী আনিছুর রহমান, ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপক কুমার পাল, বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে বক্তব্য দেন স্থানীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার বণিক, মীর জহুরুল হক (রাজস্ব), যশোর পৌর মেয়র এস এম কামরুজ্জামান প্রমুখ। যশোর অফিসরোগনির্ণয়কেন্দ্র সিলগালাবৈধ কাগজপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগনির্ণয়কেন্দ্র পরিচালনা করার দায়ে গত মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর হাসপাতাল সড়কের বিউটি-সীমা নামের একটি রোগনির্ণয়কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নোংরা পরিবেশ এবং নানা অনিয়মের দায়ে আদালত ওই এলাকার নুরেছা ক্লিনিক ও ভাই ভাই ক্লিনিককে দুই হাজার টাকা করে এবং নিরাময় ক্লিনিককে এক হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোল্লা মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। নওগাঁ প্রতিনিধিকুপিয়ে জখমবন বিভাগের চট্টগ্রামের বাঁশখালীর জলদী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলীকে (৫২) গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগ সূত্র জানায়, আট থেকে ১০ জন সশস্ত্র সন্ত্রাসী পাইরাং এলাকায় মোহাম্মদ আলীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় সন্ত্রাসীরা ঘুমন্ত মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ১০ হাজার টাকা ও তাঁর মুঠোফোনটি নিয়ে যায়। কালীপুর রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী জানান, সরকারি জায়গা দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি