মানববন্ধনমানিকগঞ্জে পানির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে জেলা প্রেসক্লাব চত্বরে পৌর সামাজিক কল্যাণ সমিতির ব্যানারে তারা ওই কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদা সেলিম, রতন মজুমদার, হাফিজা বেগম, সরকার মাসুদ, বিলকিস রেজা, তসলিম মিয়া প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বেশ কিছুদিন থেকে পৌর এলাকায় পানির তীব্র সংকট চলছে। তাঁরা ঠিকমতো কর পরিশোধ করলেও চাহিদা অনুযায়ী পানি পাচ্ছেন না। এ ব্যাপারে মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী বলেন, আগের তুলনায় পৌর এলাকার লোকসংখ্যা বেড়েছে। ফলে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত করতে কিছুটা সমস্যা হচ্ছে। এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ জন্য জমিও কেনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পানির সমস্যা থাকবে না। মানিকগঞ্জ সংবাদদাতাপ্রকাশনা উৎসবকুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম নিয়ে একটি তথ্যভিত্তিক পুস্তিকা প্রকাশিত হয়। গতকাল সোমবার বেলা ১১টায় পুস্তিকাটির প্রকাশনা উৎসব হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে ওই উৎসব হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর মোড়ক উন্মোচন করেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তাজুল ইসলাম ও প্রকাশনা সম্পাদনা কমিটির যুগ্ম আহ্বায়ক লোকমান হাকিম। এতে কুমিল্লা জেলার ১৬ উপজেলার ৯৬টি সংস্থার তথ্য উপস্থাপন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা মাদকসেবীর দণ্ডরাজশাহীর বাগমারায় এক গাঁজাসেবীকে ছয় মাসের কারাদণ্ড ও মাদক বিক্রির অভিযোগে এক মহিলাকে আটক করা হয়েছে। সাজা পাওয়া মাদকসেবীর নাম মন্টু মিয়া (৪৫) ও বিক্রেতার নাম করিমা বিবি (৪০)। গতকাল সকালে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভবানীগঞ্জ থেকে ছয় পুরিয়া গাঁজাসহ মন্টু মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে দলচি চানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ করিমা নামের এক নারীকে আটক করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিসিদ্ধান্ত বাতিলের দাবিখুলনা ওয়াসার অসংখ্য দুর্নীতির বিষয়ে শীর্ষ কর্তাদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে পানির বর্ধিত বিল এবং ১০ হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগত গভীর নলকূপ স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। গতকাল সোমবার দুপুর ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের চতুর্থ তলায় খুলনা নাগরিক সমাজের সভায় এই দাবি জানানো হয়। ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন: সুব্রত কুণ্ডু, আবদুল জলিল, মোহাম্মদ মাসুম, প্রীতিশ মণ্ডল, বাবুল হাওলাদার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, খুলনা