যাবজ্জীবন কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচারের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার জেলা ও দায়রা জজ কবিতা খানম এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৩)। তিনি সদর উপজেলার চররানীনগর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। ২০০৭ সালে সদর উপজেলার কোদালকাটি পদ্মার চরে এক কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ শফিকুলকে আটক করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জগোসলখানায় চুরিরংপুরের বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রামে গোসলখানার বিভিন্ন সরঞ্জাম চুরির হিড়িক পড়েছে। গত রোববার রাতে উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তীর বাসার পাঁচটি গোসলখানার বৈদ্যুতিক মোটর, ঝরনা, ফিটিংস, নাট-বল্টু, টিউবওয়েলের মাথা চুরি যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের সাঈদ হোসেন ও চঞ্চলকে গতকাল মঙ্গলবার আটক করা হয়েছে। গত ১০ দিনে ওই গ্রামের ১০ জনের বাড়ির গোসলখানায় চুরির ঘটনা ঘটেছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিজরিমানা আদায়বগুড়ার ধুনটে পিরানহা মাছের চাষ হয় এমন তিনটি পুকুরের সন্ধান পাওয়া গেছে। ওই মাছ চাষ করার দায়ে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত শ্যামগাতি গ্রামে অভিযান চালিয়ে দুজনকে তিন হাজার টাকা জরিমানা করেন। তাঁরা হলেন শ্যামগাতি গ্রামের রুবেল মাহমুদ ও আকতার হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনির নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২০ হাজার পিরানহা মাছ জব্দ করা হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধিশহরে ডাকাতিবরগুনার আমতলী পৌর শহরের মহিলা কলেজ এলাকায় গত সোমবার রাতে দুলাল হোসেন নামে এক শিক্ষকের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে ১০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। ডাকাতদের প্রহারে দুলাল হোসেন এবং ওই বাড়ির অতিথি হাফিজুর রহমান আহত হন। দুলাল হোসেন জানান, গ্রিল কেটে ডাকাতেরা ঘরে ঢুকেছে। পুলিশ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমতলী (বরগুনা) প্রতিনিধিহামলার প্রতিবাদখুলনা নগরের ছোট বয়রা এলাকার ক্লিনিকের মালিক শেখ সেলিমকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন হয়েছে। খুলনা মেডিকেল কলেজের সামনে এলাকাবাসী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে। এ সময় শেখ জিয়াউর রহমানের সভাপতিত্বে খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মহিলা কাউন্সিলর আমেনা হালিম প্রমুখ বক্তব্য দেন। ২২ জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় শেখ সেলিম আহত হন। খুলনা প্রতিনিধিফাঁসির দাবিদোকানের কর্মচারী মিঠু হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকার বাসিন্দারা এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে মিঠুর বাবা আবদুল করিম খান, বড় বোন লাভলী বেগম, মুকুল সরদার, আবদুর রহিম, আলাউদ্দিন মল্লিক প্রমুখ অংশ নেন । রাজবাড়ী প্রতিনিধি