ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যার বিচার দাবিতে গতকাল শুক্রবার সকালে ফুলগাজী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।
মানববন্ধন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে নিজাম হাজারী বক্তব্য দেন। তিনি একরামকে নির্মমভাবে হত্যার নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম। তিনি একরামকে হত্যার জন্য গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার) দায়ী করেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, মাহতাব চৌধুরীর নেতৃত্বে অতীতে একাধিকবার একরামের ওপর হামলা হয়েছিল।