একাত্তরে কুমিল্লার কটকবাজার যুদ্ধে শহীদ হওয়া বীরযোদ্ধাদের গতকাল বুধবার স্মরণ করলেন বেঁচে থাকা সহযোদ্ধারা। ১৯৭১ সালের ৯ মে দখলদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার-সংলগ্ন কটকবাজারে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধারা শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বলেন, ১৯৭১ সালের ৯ মে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কটকবাজারে এক ভয়াবহ যুদ্ধ হয়। ২ নম্বর সেক্টরের অধীনে অনুষ্ঠিত এই যুদ্ধে বীরের মতো লড়ে যান মুক্তিযোদ্ধারা। এতে ১৬০ জন পাকিস্তানি সেনা নিহত হয়। একই সঙ্গে শহীদ হন সাতজন মুক্তিযোদ্ধা।