পানি উন্নয়ন বোর্ড

একাধিক কাজ নিয়ে শেষ করতে পারছে না তারা

১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান পাউবোর প্রায় ছয় হাজার কোটি টাকার ৬২১টি কাজ নিয়েছে। কিন্তু তাদের কাজের গতি মোটেই সন্তোষজনক নয়।

  • বেশির ভাগ কাজের মেয়াদ আগামী জুনে শেষ হওয়ার কথা।

  • সিন্ডিকেট ভাঙতে ১৬ প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা।

  • ঠিকাদারদের রিট আবেদনে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত।

খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোম্পানি একাই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৭৭টি কাজ পেয়েছে। একইভাবে ফেনীর মেসার্স সালেহ আহমেদ নামের আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৮টি এবং বগুড়ার তাজওয়ার ট্রেড সিস্টেম লিমিটেড পেয়েছে ৩৩টি কাজ।

শুধু এই তিনটি নয়, এমন ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে পাউবোর প্রায় ছয় হাজার কোটি টাকার ৬২১টি কাজ আটকে আছে। নির্ধারিত সময়ে তারা কাজ শেষ করতে পারছে না। এতে বাড়ছে প্রকল্প ব্যয়। এ অবস্থায় এসব প্রতিষ্ঠানকে পাউবোর নতুন কোনো দরপত্রে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ঠিকাদারেরা হাইকোর্টে রিট আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার পাশা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা, কেউ সমর্থক, আবার কেউ সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদপুষ্ট। বগুড়ার তাজওয়ার ট্রেড সিস্টেম লিমিটেডের মালিক আবদুর রাজ্জাক স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। খুলনার আমিন অ্যান্ড কোম্পানির মালিক রুহুল আমিন নিজেকে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচয় দেন। ফেনীর মেসার্স সালেহ আহমেদ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সালেহ আহমেদ স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ঘনিষ্ঠ।

পাউবো সূত্র জানায়, কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সিন্ডিকেট করে বাড়তি কাজ নিচ্ছে। তারা কাজ পেয়ে ছোট ছোট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে। তাই সিন্ডিকেট ভাঙতেই তাদের নতুন কাজ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

পাউবোর প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মাহবুর রহমান বলেন, ‘এই ১৬ ঠিকাদারি প্রতিষ্ঠান অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে। কিন্তু তারা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারছে না। সবকিছু বিচার করে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি তালিকা করেছি। সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।’

প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, একাধিক কাজ যারা পেয়েছে, তারা কাজের মান ধরে রাখতে পারে না। নির্ধারিত সময়ে কাজও শেষ করতে পারে না। ফলে প্রকল্পের সময় ও ব্যয় বাড়ে। আবার নতুনেরাও কাজ পায় না।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ২০২০ সালের ২৫ নভেম্বর একনেক সভায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিক কাজ না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একাধিক কাজ পেলে কাজ শেষ হতে দেরি হয়। কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে, এটা হতে পারে না। নতুনদেরও কাজ দিতে হবে। কাজ না করলে অভিজ্ঞ হবে কীভাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স সালেহ্ আহমেদ ৫৯০ কোটি টাকার ৫৮টি, মেসার্স আমিন অ্যান্ড কোম্পানি ৪২৩ কোটি টাকার ৭৭টি, গোলাম রব্বানি কনস্ট্রাকশন লিমিটেড ৭৯৬ কোটি টাকার ৪৭টি কাজ, মেসার্স আবুল কালাম আজাদ ৩৬১ কোটি টাকার ৭৬টি কাজ, নূর হোসাইন ৯৭ কোটি টাকার ৩২টি, নূনা ট্রেডার্স ৩৫০ কোটি টাকার ৩৫টি, রহমান ইঞ্জিনিয়ারিং ৩৮২ কোটি টাকার ৪০টি, মেসার্স মোস্তফা অ্যান্ড সন্স ১৬৪ কোটি টাকার ৩৩টি কাজ করছে।

এ ছাড়া নেশনটেক ৮১৬ কোটি টাকার ৩৭টি, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ৯৩ কোটি টাকার ২৯টি, তাজওয়ার ট্রেড সিস্টেম লিমিটেড ৩৪১ কোটি টাকার ৩৩টি, মেসার্স এ এস কনস্ট্রাকশন ৩০৬ কোটি টাকার ২৬টি, লিয়াকত আলি ২২২ কোটি টাকার ২০টি, মেসার্স হাসান অ্যান্ড ব্রাদার্স ৪৪২ কোটি টাকার ২৯টি, এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ৩৯৪ কোটি টাকার ৩০টি এবং আতাউর রহমান খান লিমিটেড ২৯২ কোটি টাকার ১৯টি কাজ করছে।

পাউবো জানায়, এসব কাজের বেশির ভাগের মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। কিছু কাজের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

সূত্র জানায়, মৌলভীবাজারের মনু নদের ভাঙনরোধ, নদীখনন ও সংস্কারের কাজ পেয়েছে মেসার্স সালেহ আহমেদ। কিন্তু দুই বছরে কাজের অগ্রগতি মোটেই সন্তোষজনক নয়। এই কাজের মেয়াদ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা। এই প্রতিষ্ঠানের সিরাজগঞ্জে যমুনা নদী রক্ষা, চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্পের গতিও সন্তোষজনক নয়। দুই কাজেরই মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাচ্ছে।

সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার সব যোগ্যতা থাকা সত্ত্বেও দরপত্রে অংশ নিতে পারব না, এটা কেমন কথা। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ কাজ শেষ করতে না পারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার আমাদের জমি অধিগ্রহণ করে দিতে পারছে না। জমি না পেলে আমরা কাজ করব কীভাবে?’

খুলনার আমিন অ্যান্ড কোম্পানির মালিক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত চলমান কাজগুলো শেষ করার চেষ্টা করছি। আশা করছি, জুনের মধ্যে শেষ করতে পারব।’ তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আমরা পাউবোর নতুন কোনো দরপত্রে অংশ নিচ্ছি না।’