‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাচ্ছে। ফলে গত এক বছরে আমরা বেশকিছু কূটনৈতিক সাফল্য অর্জন করেছি। আমেরিকা, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।’ গতকাল বুধবার সকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দল পরিচালনা করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াত-শিবির মৌলবাদী চক্র ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে মানুষকে কষ্ট দিচ্ছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগ ও মহাজোট নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ওই চক্রের তত্পরতা মোকাবিলা করতে হবে।