‘এনজিও কনসোর্টিয়াম’–এর সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান

সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, জালিয়াতি, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’–এর নিবন্ধন বাতিল করেছে এনজিও–বিষয়ক ব্যুরো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও–বিষয়ক ব্যুরোর সাম্প্রতিক এক পত্রের বরাত দিয়ে তথ্যবিররণীতে বলা হয়েছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’–এর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬ আইনের ১৪ ধারায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় সংস্থাটির অনুকূলে প্রদত্ত নিবন্ধন বাতিল করা হয়েছে।

ভুয়া প্রমাণিত হওয়া সত্ত্বেও ‘এনজিও কনসোর্টিয়াম’ বিভিন্ন ছোট ছোট সংস্থাকে ‘পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে এনজিওগুলোর নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বলে এনজিও–বিষয়ক ব্যুরোর পত্রে উল্লেখ করা হয়।

তাই নিবন্ধন বাতিল করা এই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তথ্যবিবরণীতে আহ্বান জানানো হয়েছে।