রাজধানীর ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব বরকত উল্লাসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
অন্য ১২ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির নেতা খায়রুল কবির, মারুফ কামাল খান, সামছুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান ও আজিজুল বারী।
গত ৩০ জানুয়ারি ওয়ারী থানাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সামনে একটি মিনিবাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এ মামলা করা হয়। াএতে এম কে আনোয়ার, আমানউল্লাহ, বরকত উল্লা, খায়রুল কবির, মারুফ কামাল খান ও সামছুর রহমান শিমুল বিশ্বাসকে আসামি করা হয়। পরে ১২ আগস্ট ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।