
গোঁয়ার স্বভাবের বন্য শূকর এমনিতে শান্ত স্বভাবের প্রাণী। তবে খেপে গেলে এদের দাঁতাল পুরুষগুলো সুন্দরবনের বাঘ বা পাহাড়ি বনের ভালুক, চিতাবাঘকেও খাতির করে না, বেপরোয়াভাবে অসম লড়াইয়ে লিপ্ত হয়।
সুন্দরবনের একাধিক প্রবীণ বনজীবী আমাকে বলেছেন, দাঁতালকে বিকট ঘোঁতঘোঁত চিৎকার করে তেড়ে যেতে দেখে বাঘ মানে মানে কেটে পড়েছে। অথচ সুন্দরবনে বাঘের দ্বিতীয় খাদ্যতালিকায় আছে শূকর। প্রথম পছন্দ হরিণ। হরিণের সঙ্গে শূকরের তেমন কোনো দ্বন্দ্ব নেই। বানরেরা সুন্দরবনে হরিণের মতো শূকরকেও ‘বাঘ আসছে’ বিপৎসংকেত দেয়। ওই বনজীবীরাই বলেছেন, দাঁতালের আক্রমণ ও আত্মরক্ষার জন্য বড় বড় দাঁত থাকে চোয়ালের দুপাশে, শত্রুকে আঘাত করতে হলে করতে হবে পাশ থেকে। বাঘ এটা খুব ভালোভাবে জানে বলেই আক্রমণোদ্যত দাঁতাল শিকারের সময় তার থাবা দাঁতালের কপালে ঠেলে রাখে ও কৌশলে পেছায়। বোকা দাঁতালের এই বুদ্ধি নেই যে, সে পাশ ফিরে বা ঘুরে এসে দাঁত বসাবে। সে গোঁয়ারগোবিন্দের মতো সামনের দিকেই ঠেলবে। ষাটের দশকেও বাগেরহাট ও খুলনা জেলার রূপসা উপজেলার গভীর গ্রামীণ বনে দু-চারটা বন্য শূকর টিকে ছিল। এখন শুধু সুন্দরবন ও বৃহত্তর সিলেট-চট্টগ্রামের টিলা-পাহাড়ি বনে আছে। সুন্দরবনে শূকর আছে ২০-৩০ হাজার।
কালো ও চ্যাপ্টা শরীরের কারণে নিশাচর এই প্রাণীরা বলা যায় গেরিলা কৌশলে নিঃশব্দে চলাচল করতে পারে, দৌড়াতে দৌড়াতে দ্রুত চার পায়ে ব্রেক যেমন কষতে পারে আচমকা, তেমনি স্বল্পপাল্লার দৌড়ে এরা বোধ হয় হরিণকেও হার মানাতে পারবে।
এদের মূল খাদ্য পাকা ধান, নানা গাছের শিকড়, কন্দ, উইপোকা, কেঁচো, পোকা মাকড় ও নানা রকম সবজি। ১৯৬৫ সালে শরণখোলায় দেখা গেছে, রাতের বেলায় ছোট নদী পাড়ি দিয়ে সুন্দরবনের শূকর লোকালয়ে আসত ধান খেতে। কৃষকেরা এদের তাড়ানোর জন্য টিন পেটাতেন।
বন্য শূকরের মাথা বড়। লম্বা নাকের আগার শক্ত ও ধারালো তুণ্ড দিয়ে বনভূমি, মাঠ ও বাগান খুঁড়ে খাবার খুঁজতে গিয়ে খানিকটা চাষের কাজ করে দেয়। কাদায় গড়াগড়ি-মাখামাখি করতে খুব ভালোবাসে এই বন্য শূকররা। (মনে পড়বে: বন্য শুয়োর খুঁজে পাবে প্রিয় কাদা/ মাছরাঙা পাবে অন্বেষণের মাছ—শহীদ কাদরী)
বছরের যেকোনো সময়েই প্রজনন করতে পারে এরা। ১১০-১১৫ দিন গর্ভধারণের পরে ৪ থেকে ১২টি ছানার জন্ম দেয় মা শূকর। বাচ্চাদের শরীর হয় বাদামি, তার ওপরে চমৎকার ফ্যাকাসে ডোরা থাকে, যা কয়েক মাস পরে মিলিয়ে যায়। এক বছরের আগেই বাচ্চারা স্বাবলম্বী হয়। এদের জীবনকাল ১০-১২ বছর।
বন্য শূকরের ইংরেজি নাম Wild Boar। বৈজ্ঞানিক নাম Sus scrofa। দৈর্ঘ্য ১৩৫ সেমি, লেজ ২৫ সেমি। উচ্চতা ৫৫-১১০ সেমি ও ওজন ৯০-১০০ কেজি। পুরুষ শূকর ওজন ও আকারে বড় হয়।