জেলা প্রশাসক সম্মেলন

এল আর ফান্ড নিয়ে পর্যালোচনার আহ্বান টিআইবির

জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এল আর ফান্ড পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা ও বাস্তবসম্মত উদ্যোগ নির্ধারণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কাল মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের এই সম্মেলন।

দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি বলেছে, স্থানীয় পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশলের কার্যকর বাস্তবায়নের বিষয়টিও আলোচনার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকার ও ঘোষিত নীতি-প্রাধান্য অনুযায়ী এসব বিষয়ে আলোচনা দরকার।

আজ সোমবার টিআইবির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে অনুষ্ঠেয় জেলা প্রশাসক সম্মেলন ২০১৮-এর এজেন্ডায় মাঠপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপরে উল্লিখিত উভয় বিষয় অন্তর্ভুক্তকরণের জন্য ২২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর একটি পত্রের মাধ্যমে টিআইবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। আজ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারঘোষিত ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২’ বাস্তবায়নের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় ও তার ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে জেলা প্রশাসকদের সম্মেলনে এ বিষয়ে আলোকপাত সুশাসন প্রতিষ্ঠার জন্য সময়োচিত ও জনপ্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতেখারুজ্জামান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয়ভাবে সংগৃহীত তহবিল বা এল আর ফান্ড সংগ্রহ, পরিচালনা ও ব্যবহার বিষয়ে গত ১০ আগস্ট ২০১৬ মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা পরিপত্রকে (স্মারক নং- ০৪.০০.০০০০.৫২১.০২.০৩৪.১৫.৪৮২) ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নাগরিক প্রত্যাশা পূরণে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এল আর ফান্ড সুষ্ঠুভাবে পরিচালনায় জারি করা পরিপত্র স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ঘোষিত নীতি-প্রাধান্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্মেলনে এ পরিপত্র প্রতিপালনের অগ্রগতি পর্যালোচনা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ এবং তার আলোকে করণীয় চিহ্নিতকরণ নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পূরণে সহায়ক হবে।