ওআইসি মহাসচিব ঢাকায়

আইয়াদ আমিন মাদানি
আইয়াদ আমিন মাদানি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি তিন দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ​ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ওআইসির আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সংস্থার মহাসচিব বেশ কিছু দেশ সফর করবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। ওআইসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওআইসির মহাসচিব সংস্থাটির জন্য যে প্রকল্প ও উন্নয়ন সহযোগিতার কার্যক্রম নিয়েছেন সে সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন।
আইয়াদ আমিন মাদানি এ সফরের সময় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) পরিদর্শনে যাবেন।