আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ গরু মোটাতাজাকরণের ওষুধ বিক্রি করার দায়ে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন সৎসংঘ সরণি স্টেডিয়াম পাড়ায় নীল ড্রাগ হাউস নামের একটি ওষুধের দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকলিয়ার রাজাখালী এলাকার ফ্রেশকো আইসক্রিম ফ্যাক্টরিও বন্ধ করে দেওয়া হয়েছে। পোলার আইসক্রিমের লোগো ব্যবহার করে এরারুট ও কনডেনসড মিল্ক দিয়ে কারখানাটিতে নকল আইসক্রিম বানানো হতো। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই অভিযানের নেতৃত্ব দেন।