ওষুধ নিয়ে ফেরা হলো না তাঁর

‘১৫ মিনিট আগেই শরীরে জ্বর নিয়ে মানুষটি হাসপাতালে এসেছেন। ব্যবস্থাপত্রসহ হাসপাতাল থেকে ওষুধও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরই শুনলাম সেই মানুষটি আর নেই। সহজ-সরল মানুষটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।’
গতকাল মঙ্গলবার আক্ষেপ করে কথাগুলো বলছিলেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল-মামুন। একজন চিকিৎসা সহকারীকে নিয়মিত হাসপাতালে আনা-নেওয়া করতেন রিকশাচালক বাবুল মিয়া। সেই সুবাদে আল-মামুনের সঙ্গে তাঁর পরিচয়।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল সকাল সাড়ে ১১টায় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারে পুলিশ ও জামায়াত-শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিএস টাওয়ারের সামনের সড়কের ওপর গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক বাবুল।
বাবুল লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামের বাসিন্দা।