ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ডলি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার দরিয়াদৌলত-কালাইনগর সড়কের দরিয়াদৌলত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডলি উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত আরজ আলীর স্ত্রী। ডলি বেগমের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তিনি ইজিবাইকে করে নিজ বাড়ি থেকে কালাইনগরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। দরিয়াদৌলত-কালাইনগর সড়কের দরিয়াদৌলত এলাকায় তাঁর ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গেলে তিনি ছিটকে পড়ে যান। এ সময় তিনি ইজিবাইকের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।