কক্সবাজারে তিন দিনব্যাপী উপকূলীয় জেলেদের উত্সব গতকাল রোববার শেষ হয়েছে। গত শুক্রবার উত্সবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গতকাল রোববার সকাল ১০টায় পর্যটন মোটেল শৈবালের সম্মেলনকক্ষে ‘উপকূলীয় জেলে: জীবন-জীবিকার সংগ্রাম, অধিকার ও আইন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাহিদুল হক। আলোচনায় অংশ নেন উদ্দীপনের নির্বাহী পরিচালক এমরানুল হক চৌধুরী, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, ইপসার নির্বাহী পরিচালক আরিফুর রহমান ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ আসাদুজ্জামান নূর।আগের দিন শনিবার ‘সংগ্রামে স্বপ্নে: জেলেজীবন’ এবং ‘উপকূলীয় জেলে-সংস্কৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে খুরশিদ আলম ও হরিশংকর জলদাস। আলোচনায় অংশ নেন রাশেদা কে চৌধুরী, গওহার নঈম ওয়ারা, শ্যামলী মজুমদার, স্বপন গুহ, শিশির দত্ত ও খুশী কবির।