কঙ্গোতে সেনাবাহিনীর নতুন কন্টিনজেন্ট মোতায়েন হচ্ছে

কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ১৮০ সদস্যের একটি নতুন কন্টিনজেন্ট মোতায়েন করা হচ্ছে। এতে ১৪ জন কর্মকর্তা ও ১৬৬ জন বিভিন্ন পদবির সেনাসদস্য থাকবেন। কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি কন্টিনজেন্টের সঙ্গে নতুন এ কন্টিনজেন্ট মোতায়েন থাকবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী মো. কবিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার নয়জন কর্মকর্তাসহ ১৬৬ জন সেনাসদস্যের মূল দলটি কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। এ দলটির নেতৃত্ব দিচ্ছেন মেজর মোহাম্মদ আরিফুর রহমান। এর আগে ১৪ সদস্যের অপর একটি অগ্রবর্তী দল লেফটেন্যান্ট কর্নেল জকির আহমেদের নেতৃতে ১৭ জানুয়ারি ঢাকা ত্যাগ করেছে। বিজ্ঞপ্তি।